নতুন দলের ভাবনা বাস্তবায়ন করতে হলে সংসদে যেতে হবে: আমীর খসরু

গোলাম মওলা মুন্না
গোলাম মওলা মুন্না
প্রকাশিত: মার্চ ৩, ২০২৫ ১৭:১৪:১৮

নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিজেদের কোনো ভাবনা বাস্তবায়ন করতে চাইলে জনগণের সমর্থন নিযে তাদের সংসদে যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ সোমবার সকাল ১১ টায় রাজধানীর শেরে বাংলা নগরে কর আইনজীবী ফোরামের নবনির্বাচিত কমিটির সদস্যদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘নবগঠিত রাজনৈতিক দলের যে কোনো ভাবনা বাস্তবায়ন করতে হলে জনগণের মুখোমুখি হতে হবে। জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে এবং জনগণের মতামত নিয়ে সংসদে সেটি পাস করতে হবে। তারপরই নিজেদের দাবি-দাওয়া আদায় করা সম্ভব।’

ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব কি না, জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘নির্বাচন জুন মাসের মধ্যে সম্ভব। নির্বাচন কমিশন যেটা বলছে, তাদের প্রস্তুতি সম্পর্কে কোনো সন্দেহ প্রকাশ করছে না। নির্বাচনের বিষয়টা তো সরকারকে বলতে হবে। সরকারের পলিটিক্যাল উইল (ইচ্ছা) থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে এবং সেটার অপেক্ষায় জনগণ আছে। আর বাংলাদেশের জনগণ ছাড়াও যারা স্টেকহোল্ডার (অংশীদার) আছে, দেশের ভেতরে দেশের বাইরে যারা আছে, তারা সিদ্ধান্ত নিতে অপেক্ষা করছে, কারণ তাদের সিদ্ধান্ত হচ্ছে যে, নির্বাচিত সরকারের অধীনে হলে তারা শর্ট টার্ম-মিড টার্ম-লং টার্ম যে সব প্ল্যান-প্রোগ্রাম তাদের আছে তা তারা বাস্তবায়ন করতে পারবে।’

তিনি বলেন, ‘আমরা মনে করি, দেশের মানুষের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে দ্রুততম সময়ে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে। একেকটা দিন যাচ্ছে গণতান্ত্রিক সরকার ব্যতিত, একেকটা সমস্যা বাড়ছে। এর থেকে উত্তরণের একমাত্র পথ হল গণতান্ত্রিক অর্ডারের মাধ্যমে নির্বাচিত সরকারের মাধ্যমে জবাবদিহি (নিশ্চিত করা)। দায়বদ্ধ সরকার, যাদের পলিটিক্যাল ওয়েট থাকবে, যাদের পলিটিক্যাল মোবিলাইজেশন ক্যাপাসিটি থাকবে, যাদের পেছনে জনগণের সমর্থন থাকবে, তারাই এ সমস্যার সমাধান করতে পারে।’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ আজম খান, কর আইনজীবী ফোরামের নবনির্বাচিত সভাপতি মাহবুবুস সালেকীন, সাধারণ সম্পাদক আবু নাসের মেসবাহ,সহ সভাপতি ওবায়দুল হক সরকার, সৈয়দ আব্দুর নূর, কোষাধ্যক্ষ আব্দুল ওহাব হোসেন চৌধুরী, সহ সাধারণ সম্পাদক শামীম মনি , লাইব্রেরি সম্পাদক আব্দুল বাসেত মিয়া, ক্রীড়া সম্পাদক রাশেদুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক শামসুল, সদস্য আব্দুল মমিন মজুমদার, আব্দুল ওয়াদুদ, আবু বক্কর সিদ্দিক, আলমগীর কবির, ইলিয়াস উদ্দিন প্রমুখ।