এক দিনে এলো ৯৭৬ মেট্রিক টন আলু, পাইকারি ৩১ টাকা

হিলি প্রতিনিধি
হিলি প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৩ ২০:২০:৩১

এক দিনেই দিনাজপুরের হিলি বন্দর দিয়ে এলো ৯৭৬ মেট্রিক টন আলু। শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভারতীয় ৩৮টি ট্রাকে এসব আলু আমদানি করা হয়। প্রতি মেট্রিক টন আলুর আমদানি মূল্য ১৩০ থেকে ১৪০ মার্কিন ডলার খরচ পড়েছে। এ ছাড়াও আমদানীকৃত আলুতে শুল্ক দিতে হচ্ছে কেজিতে ৩৩ শতাংশ।

হিলি স্থলবন্দর ঘুরে দেখা গেছে, ভারত থেকে আমদানীকৃত আলু প্রকারভেদে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ৩১ থেকে ৩৩ টাকা কেজি দরে। এদিকে হিলি খুচরা বাজারে দেশি আলুর দাম কেজিপ্রতি তিন থেকে পাঁচ টাকা কমেছে। বর্তমানে বড় জাতের আলু তিন টাকা কমে বিক্রি হচ্ছে ৪৮ টাকায় এবং ছোট জাতের আলু পাঁচ টাকা কমে বিক্রি হচ্ছে ৬০ টাকা দরে। যা গত সপ্তাহে ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

আমদানিকারক প্রতিষ্ঠান খান ইন্টারন্যালের ব্যবস্থাপক মাহাবুব হোসেন জানান, ভারতের বিভিন্ন রাজ্য থেকে আলুগুলো আমদানি করা হচ্ছে। এসব আলু বাজারে পৌঁছলেই দাম কমে আসবে। হিলি পানামা পোর্ট জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক প্রতাপ বলেন, আমদানীকৃত আলু কাঁচা পণ্য হওয়ায় দ্রুত বাজারজাত করতে আমদানিকারকদের সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) ও শনিবার (৪ নভেম্বর) এই দুই দিনে বন্দর দিয়ে ৪৫টি ভারতীয় ট্রাকে এক হাজার ১৬৬ মেট্রিক টন আলু আমদানি হয়েছে।