সংবাদ প্রকাশের পরও বহাল তবিয়তে ‘বনের রাজা’ সাইফুল: তদন্তহীনতায় বেপরোয়া সিন্ডিকেট, ডিএফও-এসিএফের নামে চলছে নজিরবিহীন চাঁদাবাজি

গত ২৩ নভেম্বর বান্দরবান বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা ও ডেপুটি রেঞ্জার কাজী মোঃ সাইফুল ইসলামের দপ্তরে বসে মদ্যপান ও অর্ধনগ্ন অবস্থায় অবস্থান এবং সীমাহীন ঘুষ-বাণিজ্য নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পরও অভিযুক্ত বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ তৌফিকুল ইসলাম, সহকারী বন সংরক্ষক (এসিএফ) রিটা আকতার এবং রেঞ্জ কর্মকর্তা কাজী সাইফুল ইসলামের মধ্যে ন্যূনতম কোনো প্রতিক্রিয়া বা অনুশোচনা লক্ষ্য করা যায়নি, এমনকি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কিংবা বন অধিদপ্তর থেকেও এখন পর্যন্ত কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি।
প্রশাসনের এই রহস্যজনক নীরবতা ও তদন্তহীনতার সুযোগ নিয়ে চক্রটি আরও বেপরোয়া হয়ে উঠেছে এবং অভ্যন্তরীণ অনুসন্ধানে বেরিয়ে এসেছে যে, ডিএফও তৌফিকুল ইসলাম ও রেঞ্জ কর্মকর্তা কাজী সাইফুল ইসলাম মিলে এখন সদর রেঞ্জে কর্মরত অধস্তন ফরেস্টার ও ফরেস্ট গার্ডদের ওপর চরম আর্থিক নির্যাতন চালাচ্ছেন।
অভিযোগ উঠেছে, কাঠবোঝাই প্রতিটি গাড়ি থেকে অন্যায়ভাবে মোটা অংকের ঘুষ আদায়ের পাশাপাশি ডিএফও এবং এসিএফ-এর ‘দাপ্তরিক খরচের’ দোহাই দিয়ে গাড়ি প্রতি আলাদাভাবে আরেকটি বড় অংশ আদায় করা হচ্ছে, যা নিয়ে গাড়ি লোডিং কার্যক্রমে যুক্ত মাঠপর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভ দানা বেঁধেছে। সম্প্রতি কাজী সাইফুল ইসলাম অসাধু কাঠ ব্যবসায়ীদের সঙ্গে গোপন সিন্ডিকেট করে নিজ কার্যালয়ে বসেই সংরক্ষিত বনাঞ্চল থেকে আসা কর্তন নিষিদ্ধ মূল্যবান কাঠ বোঝাই করে ভুয়া ডি-ফরমের বিপরীতে অবৈধভাবে ট্রানজিট পাস (টিপি) বা চলাচল পাশ ইস্যু করে ঢাকা অভিমুখে ছাড়পত্র প্রদান করেন।
সোর্সের মাধ্যমে এই অবৈধ কাঠের চালানের খবর চারদিকে ছড়িয়ে পড়লে পথে বিভিন্ন চেকস্টেশনগুলো গাড়িটি আটকাতে তৎপর হয়ে ওঠে, তবে শেষ পর্যন্ত মোটা অংকের টাকার বিনিময়ে বিভিন্ন ঘাট ম্যানেজ করে গাড়িটি ঢাকায় পৌঁছে যায়। এই ঘটনার পর সাইফুল ইসলামের অবৈধ গাড়ি লোডিং ও ভুয়া টিপি বাণিজ্যের নানা গোপন তথ্য ফাঁস হয়ে গেলে সহকারী বন সংরক্ষক রিটা আকতার তাকে সতর্ক করে আপাতত গাড়ি লোডিং বন্ধ রেখে বিকল্প উপায়ে অবৈধ আয়ের উৎস বের করার পরামর্শ দেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। আর এসিএফ-এর সেই পরামর্শ ও ‘খরচ’ পুষিয়ে নিতেই কাজী সাইফুল ইসলাম বর্তমানে গাড়ি লোডিংয়ের সাথে যুক্ত সংশ্লিষ্টদের কাছ থেকে পূর্বের চেয়েও কয়েকগুণ অতিরিক্ত চাঁদা বা খরচ আদায় করছেন। এর আগে প্রকাশিত প্রতিবেদনে অফিসে মদ্যপান, টিপি প্রতি ১৩ হাজার টাকা
প্রতি বৃহস্পতিবার টিপি শাখায় ঘুষের ভাগবাটোয়ারা, স্টক চেকিংয়ে ঘনফুট প্রতি ৯ টাকা, জোত পারমিটে ৫০ থেকে ৫৫ টাকা এবং ফার্নিচার পরিবহনে ৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ঘুষ আদায়ের যে ভয়াবহ চিত্র উঠে এসেছিল, সাম্প্রতিক এসব ঘটনা প্রমাণ করে যে উচ্চপর্যায়ের তদন্ত না হওয়ায় এই সিন্ডিকেটটি এখন রাষ্ট্রীয় বনজ সম্পদ লুটপাট ও অধস্তন কর্মচারীদের শোষণের এক অপ্রতিরোধ্য যন্ত্রে পরিণত হয়েছে। এমতাবস্থায় বান্দরবানের সংরক্ষিত বনাঞ্চল রক্ষা এবং বন বিভাগের অভ্যন্তরীণ শৃঙ্খলা ফিরিয়ে আনতে অবিলম্বে ডিএফও তৌফিকুল ইসলাম, এসিএফ রিটা আকতার ও ডেপুটি রেঞ্জার কাজী সাইফুল ইসলামকে প্রত্যাহারপূর্বক উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে তাদের অবৈধ সম্পদের হিসাব খতিয়ে দেখার জোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও পরিবেশবাদীরা।
