সিএইচটি ট্যুরিজম অ্যাওয়ার্ড পেলেন ফটোসাংবাদিক দীপা ঘোষ রিতা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার
প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬ ১৯:০২:৫৩

পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৯ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সিএইচটি ট্যুরিজম অ্যাওয়ার্ড পেয়েছেন দৈনিক নয়া শতাব্দীর ফটোসাংবাদিক দীপা ঘোষ রিতা।

রাজধানীর বাংলামটরে বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দৈনিক রাঙ্গামাটি ও সুন্দরবন পর্যটন ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ‘পার্বত্য চট্টগ্রামে পর্যটনশিল্পের বিকাশে চাই সাংস্কৃতিক সমন্বয়’।

অনুষ্ঠানে পর্যটনশিল্পের বিকাশ, পার্বত্য অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং পাহাড়ের বৈচিত্র্যময় সংস্কৃতিকে জাতীয় পর্যায়ে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে পার্বত্য অঞ্চলের ঐতিহ্যবাহী পোশাক পিনন-হাদি ও থামিকে পর্যটন পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিও তুলে ধরা হয়।

আয়োজনে পার্বত্য অঞ্চলের পর্যটন সম্ভাবনা ও সাংস্কৃতিক সমন্বয় নিয়ে আলোচনা সভার পাশাপাশি সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দীপা ঘোষ রিতার হাতে সিএইচটি ট্যুরিজম অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।

আয়োজকদের মতে, পার্বত্য চট্টগ্রামের পর্যটন সম্ভাবনা বিকাশে স্থানীয় সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারাকে যথাযথভাবে তুলে ধরা জরুরি। এ ধরনের আয়োজন পাহাড়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও পর্যটনশিল্পের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।