২৮৮ ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন ও ফ্ল্যাট বরাদ্দের দাবিতে মানববন্ধন ও পদযাত্রা
১৯৬০ সাল থেকে মোহাম্মদপুর হাউজিং এস্টেটের।
১৯৬০ সাল থেকে মোহাম্মদপুর হাউজিং এস্টেটের ‘ডি’ টাইপ কলোনিতে বসবাসরত এবং ২০২২ সালের ২৩ নভেম্বর উচ্ছেদ হওয়া ২৮৮টি ক্ষতিগ্রস্ত পরিবারের ন্যায়সংগত পুনর্বাসন, ফ্ল্যাট বরাদ্দ, বৈষম্য নিরসন এবং আদালতের রায় ও আদেশ পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) মোহাম্মদপুর হাউজিং এস্টেট ‘ডি’ টাইপ কলোনী কল্যাণ সমিতির উদ্যোগে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, গণ্যমান্য ব্যক্তি, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
কর্মসূচিতে ২৮৮টি পরিবারের স্থায়ী ঠিকানা পুনঃপ্রতিষ্ঠা, ন্যায়সংগত পুনর্বাসন এবং ফ্ল্যাট বরাদ্দের দাবি জানানো হয়। আয়োজকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ফ্ল্যাট বরাদ্দ নিয়ে দীর্ঘসূত্রিতা চলছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যথাযথভাবে পুনর্বাসন না করে অন্যভাবে ফ্ল্যাট বরাদ্দ দেওয়ার অপচেষ্টা এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধেও তারা প্রতিবাদ জানান।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণ পদযাত্রা করে দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে যান। সেখানে সংশ্লিষ্ট অনিয়ম ও অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র দাখিল করা হয়।
কর্মসূচি থেকে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট রায় ও আদেশ পূর্ণাঙ্গ বাস্তবায়ন, উচ্ছেদকৃত ২৮৮ পরিবারের পুনর্বাসন ও ফ্ল্যাট বরাদ্দ, সহজ ও মানবিক কিস্তি সুবিধা এবং তৎকালীন পরিস্থিতিতে আবেদন করতে না পারা ৩৫টি পরিবারকে যাচাই সাপেক্ষে পুনরায় আবেদনের সুযোগ দেওয়ার দাবি জানানো হয়।
এছাড়া ডি-৫ থেকে ডি-৮ ভবনের সাবেক বাসিন্দা ও যোগ্য আবেদনকারীদের প্রতি বৈষম্য দূর করে বিষয়টি পুনর্বিবেচনা, কনকচাঁপা প্রকল্পে প্রয়োজনীয় অতিরিক্ত লিফট স্থাপন, ঐতিহ্যবাহী বাইতুস সুজুদ জামে মসজিদ সংরক্ষণ এবং সংশ্লিষ্ট প্রসপেক্টাসের শর্তের সঙ্গে ২৩ জুলাই ২০২৬ তারিখের সরকারি নির্দেশনার প্রয়োজনীয় সামঞ্জস্য নিশ্চিত করার দাবিও জানানো হয়।
আয়োজকরা জানান, দীর্ঘদিনের বসবাসকারী পরিবারগুলোকে উচ্ছেদের পর ন্যায়সংগত পুনর্বাসন ও স্থায়ী আবাসনের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তারা আইনানুগ ও শান্তিপূর্ণভাবে দাবি আদায়ের কর্মসূচি চালিয়ে যাবেন।

