১৮ মাসের মধ্যে চায়না ইকোনমিক জোনে প্রথম কারখানা চালুর লক্ষ্য: আশিক চৌধুরী
আগামী ১৮ মাসের মধ্যেই চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে (সিইআইজেড) প্রথম কারখানার উৎপাদন দেখতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান।
আগামী ১৮ মাসের মধ্যেই চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে (সিইআইজেড) প্রথম কারখানার উৎপাদন দেখতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। বেজা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এই চ্যালেঞ্জ গ্রহণ করে নির্দিষ্ট সময়ের মধ্যেই উৎপাদনে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ডেভেলপার প্রতিষ্ঠান।
সোমবার (২৭ জুলাই) চট্টগ্রামের আনোয়ারার বেলচূড়া এলাকায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ কথা জানান বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান।
অনুষ্ঠানে আশিক চৌধুরী বলেন, গত মাসে প্রধানমন্ত্রীর চীন সফরে ডেভেলপার কোম্পানির চেয়ারম্যানের সঙ্গে বৈঠক হয়। সেখানে জোনটি চালুর বিষয়ে প্রথমে তিন থেকে পাঁচ বছর সময়ের কথা বলা হলেও প্রধানমন্ত্রী ১৮ মাসের মধ্যে প্রথম কারখানা চালুর চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। পরে ডেভেলপার কোম্পানির চেয়ারম্যানও এই সময়ের মধ্যে উৎপাদনে যাওয়ার প্রতিশ্রুতি দেন।
চীনা বিনিয়োগকারীদের সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিদেশি বিনিয়োগকারীরা আমাদের অতিথি। তারা বিনিয়োগে মুনাফা অর্জনের পাশাপাশি দেশের হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি করবেন। এই জোন দ্রুত চালু হলে এই এলাকার চেহারা বদলে যাবে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীকে বিনিয়োগকারীদের পাশে থাকার আহ্বান জানান তিনি।
যেকোনো সমস্যা সমাধানে সম্মিলিতভাবে কাজ করার তাগিদ দিয়ে বেজা নির্বাহী চেয়ারম্যান বলেন, দেশের স্বার্থকে সবার ওপরে স্থান দিতে হবে। দেশের অগ্রগতির জন্য বিনিয়োগের বিকল্প নেই উল্লেখ করে তিনি বিদেশি বিনিয়োগ আকর্ষণে সবাইকে সহযোগিতার আহ্বান জানান।
এজেএ