বিশেষ সুবিধা নিয়ে গণপূর্তের প্রকৌশলী মো. মাসুদ রানা বিল পরিশোধ করেছেন ঠিকাদারকে

ঢাকা গণপূর্ত বিভাগ-৪ এর নির্বাহী প্রকৌশলী মো. মাসুদ রানার।

বিশেষ সুবিধা নিয়ে গণপূর্তের প্রকৌশলী মো. মাসুদ রানা বিল পরিশোধ করেছেন ঠিকাদারকে

ঢাকা গণপূর্ত বিভাগ-৪ এর নির্বাহী প্রকৌশলী মো. মাসুদ রানার বিরুদ্ধে ২০২৪-২০২৫ অর্থ বছরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের মেরামতের জন্য ঢাকা গণপূর্ত বিভাগ-৪ অনুকূলে বরাদ্দকৃত কাজের অর্থ ১ কোটি ৭৫ লাখ টাকা কাজ সম্পূর্ণ হওয়ার পূর্বেই পরিশোধ করার অভিযোগ উঠেছে। মাসুদ রানা ঠিকাদারকে বিশেষ সুবিধা দিতেই এই কাজ করেছেন বলে জানা যায়।

গণপূর্ত অধিদপ্তরের সংশ্লিষ্টরা জানিয়েছেন, অর্থ বছরের শেষ দিকে কোন প্রাক্কলন অনুমোদন হওয়ার পর দরপত্র আহবান করে সঠিকভাবে কাজ সম্পন্ন করা বেশির ভাগ ক্ষেত্রেই সম্ভব নয়। তার পরও অর্থ বছর শেষ হওয়ায় কাজ শেষ দেখাতে হয়েছে জুনের মধ্যে। তা না করলে বরাদ্দ অর্থ সরকারের কোষাগারে ফেরত যাবে। এ কারণে বেশির ভাগ নির্বাহী প্রকৌশলীই গোঁজামিল দিয়ে বা কাজ না করেই কাগজে কলমে কাজ সম্পন্ন দেখিয়ে ঠিকাদারকে বিল দিয়ে দিয়েছেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে ২০২৪-২০২৫ অর্থ বছরের মার্চ মাসে প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তাকে অর্থ ছাড়করণের জন্য প্রেরিত এক স্মারকে দেখা যায়, মো. মাসুদ রানা ২০২৪-২০২৫ অর্থ বছরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য বরাদ্দ পেয়েছেন ১ কোটি ৭৫ লাখ টাকা। এই বরাদ্দে ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু মশার বিস্তার রোধ কল্পে সারফেস ড্রেন মেরামত সংস্কার সহ সেফটি ট্যাংকি সহ সোক ওয়েল ইন্সপেকশন পিট মেরামত এবং পরিষ্কার ও সংষ্কার করন এবং সয়েল লাইন পরিষ্কার, ভবনের চতুদিকে ময়লা আর্বজনা ও আগাছা পরিষ্কার করন কাজের জন্য ১০ লাখ টাকা, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের মূল ভবনের কিচেন ব্লকের নীচ তলায় কিচেন রুমের আস্তর মেরামত, রং করনসহ আনুষাঙ্গিক মেরামত কাজের জন্য  ১০ লাখ টাকা, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের মূল ভবনের ২য় তলায় ৪ টি ডোমের নিচে পানি পড়া রোধ কল্পে সংস্কার ও মেরামত কাজের জন্য ১০ লাখ টাকা, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের মূল ভবনের কিচেন ব্লকের ৪র্থ তলায় স্টোর রুমে বারান্দা দিয়ে পানি প্রবেশ রোধ কল্পে ব্যবস্থা করন সহ আস্তর মেরামত, রং করনসহ আনুষাঙ্গিক মেরামত কাজের জন্য ৫ লাখ টাকা, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের মূল ভবনের সার্ভিস ব্লকের ৪র্থ তলায় স্টোরের আন্তর মেরামত, রং করনসহ আনুষাঙ্গিক মেরামত কাজের জন্য ১০ লাখ টাকা, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের মূল ভবনের লবির দক্ষিন পাশে অবস্থিত নীচ তলা থেকে ১২ তলা পর্যন্ত সিড়ি কোঠার আন্তর মেরামত, টাইলস নবায়ন, রং করনসহ আনুষাঙ্গিক মেরামত কাজের জন্য ১০ লাখ টাকা, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন তলায় থাইয়ের দরজা জানালা মেরামত ও কাঠের দরজা জানালা মেরামত ও দরজা ও জানালায় পর্দার পাইপ স্থাপন সহ আনুষাঙ্গিক হার্ডওয়ারী মেরামত কাজের জন্য ২০ লাখ টাকা, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের ৬ষ্ঠ তলায় পূর্ব পাশে আই সি ইউ ওয়ার্ডের আস্তর মেরামত, রং করনসহ আনুষাঙ্গিক মেরামত কাজের জন্য ১৫ লাখ, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের নীচ তলায় পূর্ব পাশে এম আর আই ও সিটি স্ক্যান ল্যাবের আন্তর মেরামত, রং করনসহ আনুষাঙ্গিক মেরামত কাজের জন্য ১০ লাখ টাকা, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগ ব্লক, হাসপাতাল ব্লক, কিচেন ব্লক এবং সার্ভিস ব্লকের বাথরুমগুলোর দৈনন্দিন জরুরী মেরামত করার জন্য স্যানেটারী ফিক্সিং পরিবর্তন ও সংযোজনের কাজের জন্য ২০ লাখ, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের ৪র্থ তলায় পশ্চিম পাশে পরিচালক কার্যালয়ের কনফারেন্স রুম ও সংলগ্ন রুম গুলোর আস্তর মেরামত, রং করনসহ আনুষাঙ্গিক মেরামত কাজের জন্য ৮ লাখ টাকা, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের ৪র্থ তলায় পূর্ব পাশে সমাজসেবা কার্যালয়ের আস্তর মেরামত, রং করনসহ আনুষাঙ্গিক মেরামত কাজের জন্য ৩ লাখ টাকা, মুগদা ৫০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মূল ভবনের বাহিরের পূর্ব পাশে আস্তর মেরামত ও ওয়েদার কোট রং করন সহ আনুষাঙ্গিক মেরামত কাজের জন্য ২০ লাখ টাকা, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের ২য় তলায় পশ্চিম পাশে ফার্মেসী বিভাগের বারান্দা দিয়ে পানি পড়া রোধ কল্পে ব্যবস্থা করন সহ আস্তর মেরামত, রং করন সহ আনুষাঙ্গিক মেরামত কাজের জন্য ৪ লাখ টাকা, মুগদা ৫০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মুল ভবনের ১ম তলা থেকে ১৩ তলা পর্যন্ত পশ্চিম ও দক্ষিন পাশের সকল স্যানিটারি ডাক্টের ভিতরে পুরাতন মরিচা ধরা জি আই পাইপ পরিবর্তন করে পিডিসি পাইপ স্থাপন সহ ডাক্টের সামনে এ্যালুমিনিয়ামের লুবার স্থাপন সহ আনুষাঙ্গিক মেরামত কাজের জন্য ২০ লাখ টাকা বরাদ্দ পেয়েছেন।

চিঠিতে দেখা যায়, এই বরাদ্দের কাজ শেষ করে বিল পরিশোধ করার জন্য গত ২৬ জুন পর্যন্ত সময় বেধে দেওয়া ছিল। এই সময়ের মধ্যে কাজ সম্পাদন করে বিল পরিশোধ না করলে বরাদ্দকৃত অর্থ সরকারের কোষাগারে ফেরত যাবে। এই বরাদ্দকৃত অর্থ যাতে সরকারের কোষাগারে ফেরত না যায় সেইজন্যই কাজ সম্পাদন না করে ২৬ জুনের মধ্যে ঠিকাদারকে সম্পূর্ণ বিল পরিশোধ করে দিয়েছেন নির্বাহী প্রকৌশলী মো. মাসুদ রানা। অসম্পূর্ন কজের বিল পরিশোধ করে পরে সেই কাজ সম্পূর্ন সম্পাদন করার সুযোগ করে দিয়েছেন তিনি। এতে তিনি ঠিকাদারদের কাছ থেকে বিশেষ সুবিধা নিয়েছেন বলেও অভিযোগ আছে।

পিপিআর (পাবলিক প্রকিউরমেন্ট রুলস) অনুযায়ী কাজ সম্পাদন না করে সম্পূর্ণ বিল পরিশোধ করার ফলে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও ঠিকাদার উভয়ের বিরুদ্ধেই বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা এবং আর্থিক ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়া হতে পারে। এর মধ্যে চাকরি থেকে বরখাস্ত বা সাময়িক বরখাস্ত, আর্থিক জরিমানা, এবং সরকারের রাজস্ব ক্ষতিপূরণ অন্তর্ভুক্ত থাকতে পারে।

এবিষয়ে ঢাকা গণপূর্ত বিভাগ-৪ এর নির্বাহী প্রকৌশলী মো. মাসুদ রানার সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। পরে তাকে ক্ষুদে বার্তা পাঠালেও তিনি কোনো প্রতিউত্তর দেননি।