বহির্গমন ছাড়পত্র ছাড়াই গত ৪ মাসে প্রায় ৩ শতাধিক নারীকে কুয়েতে পাচার
বহির্গমন ছাড়পত্র ছাড়াই গত ৪ মাসে প্রায় ৩ শতাধিক নারীকে কুয়েত পাচারের অভিযোগ পাওয়া গেছে।
বহির্গমন ছাড়পত্র ছাড়াই গত ৪ মাসে প্রায় ৩ শতাধিক নারীকে কুয়েত পাচারের অভিযোগ পাওয়া গেছে। প্রাপ্ত তথ্য মতে গ্রামের সহজ সরল মহিলাদের একশ্রেণীর দালাল কুয়েতে বিক্রি করেছে বলে সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।
সূত্রমতে বাংলাদেশস্থ কুয়েত দূতাবাসে গত ৪ মাসে কতজন মহিলার ভিসা স্টাম্পিং করা হয়েছে এবং কোন কোন এজেন্সি এই স্টাম্পিং করার জন্য পাসপোর্ট জমা করেছেন সে তথ্য পর্যালোচনা করলে এর সত্যতা পাওয়া যাবে। উল্লেখ্য দীর্ঘদিন ধরে কুয়েত থেকে বাসা-বাড়ি, হোটেল, বিউটি পার্লারসহ নিষিদ্ধ কাজের ভিসা বিভিন্ন এজেন্সি সংগ্রহ করে থাকে।
এ সুযোগে গ্রামের সহজ সরল মহিলাদের গ্রাম্য দালাল ও শহরের দালাল মিলে কুয়েতে পাঠিয়ে থাকেন। ঐ সকল মহিলারা তাদের চাকুরী বেতন ও সামাজিক নিরাপত্তা সম্পর্কে কিছুই জানেনা। তাদেরকেই ঐ সকল মানব পাচারকারী চক্র সরকারের অনুমতি ছাড়াই কুয়েতে পাচার করে আসছে।
এই সকল মহিলারা কুয়েতে গিয়ে কাঙ্খিত কাজ না পেয়ে নানান ধরনের অসামাজিক কর্মকান্ডে লিপ্ত হতে বাধ্য হচ্ছে। যাতে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। অথচ তারা বহির্গমন ছাড়পত্র নিয়ে গেলে ঐ দেশে অবস্থানকালে যে কোন বিপদে পড়লে সরকার অথবা এজেন্সির কাছ থেকে সহযোগিতা পেতে পারতো। কিন্তু বহির্গমন ছাড়পত্র না পাওয়ায় তারা এ সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছে।
ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এতদ্বসংক্রান্তে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে পাশাপাশি অবৈধ এই মানবপাচারকারীদের সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

