তারেক রহমানের ঢাকা ১৭ ও বগুড়া ৬ আসনে মনোনয়নপত্র জমা
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া ৬ আসনের প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া ৬ আসনের প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বেলা ১১টায় তারেক রহমানের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরিফ উদ্দিন আহমদ চৌধুরীর কাছে এ মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
বিএনপির প্রধান নির্বাচন সমন্বয়ক ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম বলেন, “আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছি।”
আব্দুস সালাম তারেক রহমানের চিফ কো-অর্ডিনেটর ও প্রধান নির্বাচনি এজেন্টও। মনোননয়নপত্র জমা দেওয়ার সময় আব্দুস সালামের সঙ্গে সহকারী কো-অর্ডিনেটর বিএনপির চেয়ারপারসন এর উপদেষ্টা মন্ডলের সদস্য অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনার, মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, তানভীর আহমেদ রবিনসহ ৫ জন ছিলেন।
আব্দুস সালাম বলেন, “আমরা জনগণের কাছে দোয়া চাই। এ নির্বাচনি এলাকা থেকে বিপুল ভোটে দলমত নির্বিশেষে সবার ভোটে তিনি নির্বাচিত হয়ে আগামী দিনে বাংলাদেশে সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করে দেশের সংকট উত্তরণে সচেষ্ট হবেন।
“ঢাকা-১৭ আসনে আগেও উনারা ভোটার ছিলেন, বাসা ক্যান্টনমেন্টে ছিল। এ এলাকার প্রতি আলাদা একটা টান রয়েছে। শেষ মুহুর্তে সবার অনুরোধে প্রার্থী হয়েছেন।”
প্রত্যাশা রেখে সালাম বলেন, “আশা করি এলাকার ভোটাররা তাকে নির্বাচিত করবেন।” অপরদিকে বগুড়া-৬, সদর আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল । আজ বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের হাতে মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
তারেক রহমান নির্বাচনে প্রার্থী হতে ভোটার হওয়ার আনুষ্ঠানিকতা সেরেছেন শনিবার। আর মনোনয়নপত্র সংগ্রহ করেন রোববার।
সংসদ নির্বাচনে অংশ নিতে ভোটার হওয়ার বাধ্যবাধকতা রয়েছে; এ শর্ত পূরণে দেশের যেকোনো নির্বাচনি এলাকার ভোটার হলেই চলে।
তারেক রহমানের মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বগুড়া-৭, ফেনী-১ এবং দিনাজপুর-৩ আসনে নির্বাচন করবেন বলে দলের তরফ থেকে জানানো হয়েছে।
সোমবার রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা। এদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ রয়েছে।
ঢাকার ২০টি আসনের জন্য তিনজন রিটার্নিং অফিসার রয়েছেন। তাদের মধ্যে বিভাগীয় কমিশনারের অধীনে ১৩টি আসন, জেলা প্রশাসনের অধীনে ৫টি আসন এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার অধীনে ২টি আসন রয়েছে।’
৩০০ আসনে ৬৯ জন রিটার্নিং অফিসার ও ৪৯৯ জন সহকারী রিটার্নিং অফিসার রয়েছেন।
এবার তিন সহস্রাধিক মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা। প্রার্থীর স্বাক্ষরসহ মনোনয়নপত্র প্রার্থী বা প্রস্তাবক, সমর্থক উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দিতে পারবেন।
বর্তমানে ৫৯টি নিবন্ধিত দল রয়েছে। দলীয় প্রার্থীর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরা জামানতের রশিদসহ প্রয়োজনীয় কাগজপত্রসহ মনোনয়নপত্র জমা দিচ্ছেন।
গত ১১ ডিসেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন হবে; একই দিন গণভোটও রয়েছে।