‘মিস ইউনিভার্স’ বিজয়ী জেনিফার

‘মিস ইউনিভার্স’ বিজয়ী জেনিফার

‘মিস ইউনিভার্স ২০২৬’ বিজয়ী হয়েছেন ক্যারিবীয় দ্বীপ পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ৮টায় পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে অনুষ্ঠিত হয় গ্র্যান্ডি ফিনালে। জাকজমকপূর্ণ এই আয়োজনে জেনিফারকে বিজয়ীর মুকুট পরিয়ে দেন গত বছরের বিজয়ী মেক্সিকোর ফাতিমা বোস। মিস ইউনিভার্সের অফিসিয়াল ইনস্টাগ্রামে এ ঘোষণা দেওয়া হয়।

৬ষ্ঠবারের মতো মিস ইউনিভার্সের মুকুট জয় করল পুয়ের্তো রিকো। জেনিফারকে বিজয়ী ঘোষণা করে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ লেখেন, “নতুন রানি, নতুন যুগ! আমাদের নতুন ‘মিস ইউনিভার্স’ জেনিফার ব্যারেটোকে অভিনন্দন। পুয়ের্তো রিকোতে মুকুটটি ফিরিয়ে নিলেন তিনি।” 

বাংলাদেশ সময় (২৫ নভেম্বর) সকাল ৬টায় শুরু হয় মিস ইউনিভার্স প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। শুরুতে ঘোষণা করা হয় সেরা ৩০ প্রতিযোগীর নাম। তবে এই তালিকায় জায়গা করে নিতে পারেননি বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। এরপর সুইমস্যুট পর্বের মাধ্যমে বেছে নেওয়া হয় সেরা ১২ জনকে। ইভনিং গাউন পর্ব শেষে সেখান থেকে নির্বাচিত করা হয় সেরা পাঁচজন। 

সেরা পাঁচে জায়গা করে নেন ফিলিপাইনের বি মিলান-উইন্ডোস্কি, নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন, ভেনেজুয়েলার ক্লারা ভেগাস, ডমিনিকান রিপাবলিকের মেলিসা নুনেস, পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো। এই পাঁচ প্রতিযোগীকে বিচারকদের দুটি করে প্রশ্নের মুখোমুখি হতে হয়। সেখান থেকে বিজয়ী হিসেবে বেছে নেওয়া হয় জেনিফারকে। 

মিস ইউনিভার্সের ৭৫ তম আসরে প্রথম রানারআপ নির্বাচিত হয়েছেন ডমিনিকান রিপাবলিকের মেলিসা নুনেস, দ্বিতীয় রানারআপ নির্বাচিত হয়েছেন ভেনেজুয়েলার ক্লারা ভেগাস, তৃতীয় ও চতুর্থ রানারআপ যথাক্রমে নির্বাচিত হয়েছেন—ফিলিপাইনের বি মিলান-উইন্ডোস্কি, নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন।