বিএনপি আন্দোলনে ব্যর্থ, নির্বাচনেও ব্যর্থ: ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি আন্দোলনে হেরে গেছে, যে দল আন্দোলনে হারে তারা নির্বাচনেও হেরে যায়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি আন্দোলনে হেরে গেছে, যে দল আন্দোলনে হারে তারা নির্বাচনেও হেরে যায়। যারা আন্দোলনে ব্যর্থ, তারা নির্বাচনেও ব্যর্থ।’ আজ শনিবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজ প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত উন্নয়ন, শান্তি ও সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘মির্জা ফখরুল নোয়াখালীতে এসে বিষোদ্গার করেছেন, সাঙ্গপাঙ্গদের নিয়ে হুমকি-ধমকি দিয়ে গেছেন। ফখরুল মনে হয় জানে না এ নোয়াখালী একসময় বিএনপির ঘাঁটি ছিল। কিন্তু এখন আর বিএনপির ঘাঁটি নেই, বর্তমানে আওয়ামী লীগের ঘাঁটি, শেখ হাসিনার ঘাঁটি। প্রস্তুত থাকবেন যে হাত আগুন নিয়ে পোড়াতে আসবেন সে হাত আগুনে পুড়ে যাবে, সেই হাত পুড়িয়ে দিতে হবে। যে হাত ভাঙচুর করতে আসবে, সেই হাত ভেঙে দেওয়া হবে।’
কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী ইব্রাহিম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হানের সঞ্চালনায় সমাবেশে জেলা, উপজেলা আওয়ামী লীগের, অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আজ শনিবার বিকেলে নোয়াখালী জিলা স্কুল মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রী। এর আগে জেলা পুলিশ লাইনে নবনির্মিত ‘চেতনায় বঙ্গবন্ধু ম্যুরাল’ উদ্বোধন করবেন ওবায়দুল কাদের।