বাংলাদেশ প্যাভিলিয়নে লস অ্যান্ড ড্যামেজে যুব নেতৃত্বের দৃশ্যমান অগ্রগতি

COP30 জলবায়ু সম্মেলনে লস অ্যান্ড ড্যামেজ বিষয়ক বৈশ্বিক আলোচনায় যুবদের নেতৃত্বকে সামনে আনতে বাংলাদেশ প্যাভিলিয়নে অনুষ্ঠিত হলো YOUNGO Loss and Damage Working Group-এর উচ্চ-পর্যায়ের সাইড ইভেন্ট “Local to Global: Youth Inclusion in the Loss and Damage Framework”।

বাংলাদেশ প্যাভিলিয়নে লস অ্যান্ড ড্যামেজে যুব নেতৃত্বের দৃশ্যমান অগ্রগতি

COP30 জলবায়ু সম্মেলনে লস অ্যান্ড ড্যামেজ বিষয়ক বৈশ্বিক আলোচনায় যুবদের নেতৃত্বকে সামনে আনতে বাংলাদেশ প্যাভিলিয়নে অনুষ্ঠিত হলো YOUNGO Loss and Damage Working Group-এর উচ্চ-পর্যায়ের সাইড ইভেন্ট “Local to Global: Youth Inclusion in the Loss and Damage Framework”

ইভেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক উপদেষ্টা ফেরদৌসী আখতার। তিনি বলেন, লস অ্যান্ড ড্যামেজ প্রক্রিয়ার নকশা ও বাস্তবায়নে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী ও তরুণদের মতামতকে প্রাধান্য দিতে হবে। বাংলাদেশের তরুণদের নেতৃত্বের প্রশংসা করে তিনি জানান, যুবদের কণ্ঠ এখন জাতীয় সীমানা পেরিয়ে বৈশ্বিক পরিসরেও প্রতিধ্বনিত হচ্ছে।

সাইড ইভেন্টটি আয়োজন ও সঞ্চালনা করেন YOUNGO Loss and Damage Working Group-এর কন্টাক্ট পয়েন্ট এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী জাসমিমা সাবাতিনা। এটাই তার প্রথম COP সম্মেলনে অংশগ্রহণ এবং প্রথমবারের মতো তিনি একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক সাইড ইভেন্ট স্বতন্ত্রভাবে আয়োজন করেন। তিনি বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান।

বক্তাদের মূল মন্তব্য

ইভেন্টে আন্তর্জাতিক বিশেষজ্ঞ, সরকারি প্রতিনিধি এবং যুব নেতারা লস অ্যান্ড ড্যামেজ ফান্ড, জাতীয় কাঠামো এবং নাগরিক সমাজের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

উপস্থিত ছিলেন-

  • হারজিত সিংহ, Global Engagement Director, Fossil Fuel Non-Proliferation Treaty
  • মির্জা শওকত আলী, পরিচালক (জলবায়ু পরিবর্তন), পরিবেশ অধিদপ্তর
  • প্রয়াশ অধিকারী, Senior Program Officer, Digo Bikas Institute, Nepal
  • সোহানুর রহমান, Executive Director, YouthNet Global

হারজিত সিংহ ফান্ডের ন্যায়সঙ্গত বরাদ্দ নিশ্চিত করতে যুব ও ফ্রন্টলাইন সম্প্রদায়ের দাবির গুরুত্ব তুলে ধরে বলেন, যুবদের Clarity, Consistency এবং Courage-এই তিন গুণ নীতি প্রভাবিত করার মূল শক্তি।
সরকারি প্রতিনিধি মির্জা শওকত আলী জানান, বাংলাদেশ ইতোমধ্যে একটি জাতীয় লস অ্যান্ড ড্যামেজ ফ্রেমওয়ার্ক তৈরির কাজ শুরু করেছে, যা UNFCCC-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে।

নেপালের প্রয়াশ অধিকারী মাঠ পর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, যুবদের অংশগ্রহণ স্থায়িত্বশীল পুনরুদ্ধার ও জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।

আন্তর্জাতিক আলোচক সোহানুর রহমান বলেন, লস অ্যান্ড ড্যামেজ ফান্ডের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি, এবং যুববান্ধব অর্থায়ন কাঠামো তৈরি করতে হবে।

YOUNGO-র দাবিগুলো সামনে আনলেন জাসমিমা

সঞ্চালক জাসমিমা সাবাতিনা FRLD (Fund for Responding to Loss and Damage)-এর রিপোর্টের ওপর YOUNGO-এর আনুষ্ঠানিক হস্তক্ষেপ উপস্থাপন করেন। তিনি লস অ্যান্ড ড্যামেজ ফান্ডকে দ্রুত, ন্যায়সঙ্গত, অন্তর্ভুক্তিমূলক এবং পূর্বাভাসভিত্তিক করার উপর জোর দেন।

যুবদের প্রধান দাবিগুলো হলো-

  • সহজে ও দ্রুত অর্থ পাওয়ার প্রক্রিয়া
  • রিয়েল-টাইম স্বচ্ছতা টুল
  • পূর্বাভাসভিত্তিক (anticipatory) অর্থায়ন
  • যুব উদ্যোগের জন্য ছোট অনুদান
  • সক্ষমতা বৃদ্ধি
  • ফান্ডের শাসন কাঠামোতে স্থায়ী যুব প্রতিনিধিত্ব
  • FRLD, Santiago Network ও WIM সংযুক্ত একটি ওপেন-ডাটা প্ল্যাটফর্ম

বাংলাদেশি যুবদের আন্তর্জাতিক মাইলফলক

বিশ্বের অন্যতম সংকটাপন্ন দেশ হিসেবে বাংলাদেশ COP30-এর আলোচনায় আবারও প্রমাণ করল যে যুব নেতৃত্ব এখন লস অ্যান্ড ড্যামেজ এজেন্ডার কেন্দ্রে অবস্থান করছে। বাংলাদেশ প্যাভিলিয়নে এই সাইড ইভেন্ট আয়োজনের মাধ্যমে তরুণেরা দেখিয়ে দিল-স্থানীয় অভিজ্ঞতা থেকে বৈশ্বিক নীতি পর্যন্ত, জলবায়ু ন্যায়বিচারের ভবিষ্যৎ গঠনে তাদের ভূমিকা অপরিহার্য।