কিছু চিকিৎসক দিনে ড্যাব, রাতে স্বাচিপ করেছেন: ডা. হারুন
কিছু চিকিৎসক দিনে ড্যাব এবং রাতে মুজিববাদকে (স্বাচিপ)
কিছু চিকিৎসক দিনে ড্যাব এবং রাতে মুজিববাদকে (স্বাচিপ) বুকে লালন করে ড্যাবের রাজনীতি করছেন বলে মন্তব্য করেছেন সংগঠনের সদ্য সাবেক সভাপতি ও ড্যাবের আসন্ন নির্বাচনে সভাপতি পদপ্রার্থী অধ্যাপক ডা. হারুন আল রশিদ।
শনিবার (০২ আগস্ট) রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ডা. হারুন-ডা. শাকিল পরিষদের পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। ‘নির্বাচনী তপশিল-২০২৫’ অনুযায়ী, আগামী ৯ আগস্ট ড্যাবের সভাপতি, মহাসচিব, সিনিয়র সহসভাপতি, কোষাধ্যক্ষ এবং সিনিয়র যুগ্ম মহাসচিব পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওইদিন কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা এই ভোটগ্রহণ চলবে।
অধ্যাপক ডা. হারুন বলেন, ড্যাব এর অনেক চিকিৎসক স্বৈরাচার আমলে বুকে শেখ মুজিবের ছবি লাগিয়ে টুঙ্গিপাড়া গিয়ে শেখ মুজিবুর রহমানের কবরে ফুল দিয়েছেন ও কবর জিয়ারত করেছেন। তারা মুখে জিয়াউর রহমান, কিন্তু অন্তরে ধারণ করেন শেখ মজিবুর রহমানকে। আমরা বলেছি, বাংলাদেশের প্রতিটি জেলায় ড্যাবের ব্যানারে দুইটি প্যানেলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হতে পারবে; কিন্তু আমরা এখানে এসে দেখছি ব্যতিক্রম। অথচ আমরা প্রতিটি ব্রাঞ্চে বলে দিয়েছি যে, ড্যাবের ব্যানারে দুটি প্যানেল পরিচিতি সভা করতে পারবে।
ড্যাবের চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, বিগত দিনগুলিতে দুঃসময়ে যারা আপনাদের পাশে ছিল, যাদের নেতৃত্ব আপনাদের পছন্দ হবে, আগামী দিনে সেই নেতৃত্বকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করবেন। এটা আপনাদের কাছে আমাদের প্রত্যাশা।